বেনাপোল: যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দশকোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও এলএসপিসহ বিভিন্ন মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট ও হিজলী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, আটক মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি (প্রতি বোতল ১০০ এমএল), ১৬৫ গ্রাম গাঁজা এবং ১০০ বোতল ফেন্সিডিলের বিকল্প উইনসেরেক্স কফ সিরাপ। এছাড়া একটি মোটরসাইকেল, ১২৫টি শাড়ি, ৩টি কম্বল, ১ কেজি আমসত্ত্ব, ৯৬০টি বিভিন্ন ধরনের ঔষধ, ৫ হাজার ১২৫টি চকলেট এবং ২ হাজার ২৬২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটক করা মালামালের মোট আনুমানিক মূল্য ৯ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ২২৭ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, যশোরের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক ৯ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ২২৭ টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও এলএসপিসহ উল্লেখিত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিল্লাল হোসেন (৩৫) নামে একজনকে আটক করা হয়। তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার গয়ড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে। পরে তাকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।