Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে নিখোঁজের একদিন পর শিশু ও প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৪:২৭ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৪:২৯

নিহতদের স্বজনদের আহাজারি।

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর ছাদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই দিনে সদর উপজেলার বাগহাটা খিদিরপুরের একটি টেক থেকে এক প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

রোববার (১৫ মার্চ) দুটি পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, রায়পুরায় নিখোঁজের একদিন পর আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ প্রতিবেশীর ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। রোববার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজন ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। নিহত আবদুর রহমান উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) শিশু আব্দুর রহমান বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

অন্যদিকে, নিহত প্রাইভেটকার মাহাবুব (৩৭) সদর উপজেলার কুরেরপাড় এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং একজন পেশাদার প্রাইভেটকার চালক ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, বেশকদিন ধরেই একটি প্রাইভেটকার কেনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মাহাবুব। শনিবার রাতেও দেড় লক্ষ টাকাসহ রজব আলী, লিডার দিপু, শাওনসহ কয়েকজনের সঙ্গে বের হয়েছিলেন। তবে রাতে আর বাড়ি ফিরে আসেনি। রাতেই পুলিশের সহায়তা নিলেও খোঁজ মেলেনি তার। পরে সকালে সদর উপজেলার বাগহাটা খিদিরপুর এলাকার একটি টেক থেকে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। এসময় তার সঙ্গে থাকা দেড় লক্ষ টাকাসহ তিনটি মোবাইল ফোনও পাওয়া যায়নি।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, দুটি ঘটনাই পুলিশের জানা আছে। ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এসব ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর