Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ মার্চ ২০২৬ ২০:৩১

রাজশাহী: জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া সরকারি সিটি কলেজ ও শাহ মখদুম কলেজের শিক্ষার্থীদের নামে দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্রদল।

রোববার (১৫ মার্চ) দুপুরে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলাকারী স্বৈরাচার শেখ হাসিনার দোসর এবং এজাহারভুক্ত আসামি শাহ মখদুম কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও জুয়েল কেমিস্টের মালিক আসাদুজ্জামান জুয়েল ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে পরিচিত আসাদুজ্জামান জুয়েলের দায়ের করা মামলায় জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারির দুই সাহসী যোদ্ধা— শাহ মখদুম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আল মারুফ শিহাব এবং রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

তারা দাবি করেন, ছাত্রদলের এই দুই নেতা অতীতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বক্তারা অভিযোগ করেন, শিক্ষকতার পরিচয়ের আড়ালে আসাদুজ্জামান জুয়েল একজন চিহ্নিত আওয়ামী লীগ সমর্থক। ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় অস্ত্র ও অর্থ সহায়তার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও রয়েছে।

তারা আরও বলেন, চন্দন ও শিহাব গ্রেফতারের আগে এক সংবাদ সম্মেলনে এর পেছনে ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা তুলে ধরেছিলেন। সেখানে বলা হয়েছিল, বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য জুয়েল শিহাবকে একটি প্রস্তাব দিয়েছিলেন, যা তিনি প্রত্যাখ্যান করেন।

বক্তারা বলেন, অতীতে দেশের মানুষ হলি আর্টিজানের মতো ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে। শিক্ষকের মুখোশের আড়ালে থাকা কিছু মানুষ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে— এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

মানববন্ধন থেকে প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, অবিলম্বে আবু সুফিয়ান চন্দন ও আব্দুল আল মারুফ শিহাবকে মুক্তি দিতে হবে এবং ৫ আগস্টের হত্যা মামলার চিহ্নিত আসামি আসাদুজ্জামান জুয়েলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

এ ছাড়া এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত যে কোনো রাজনৈতিক নেতা এবং পুলিশের ভেতরে লুকিয়ে থাকা দোসরদের প্রকৃত চেহারা জনগণের সামনে উন্মোচনের আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ফরহাদ, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান মাহি, মহানগর যুবদলের দফতর সম্পাদক এএইচএম শফিক মাহমুদ তন্ময় এবং শাহ মখদুম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সিয়াম খানসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর