নাটোর: নাটোর শহরের কান্দিভিটা এলাকায় প্রতিপক্ষের হামলায় আবুল কালাম নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে কাওসার আহমেদ।
সোমবার (১৬ মার্চ) এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কান্দিভিটা কদমতলা মসজিদের পাশে মোটরসাইকেল রাখা নিয়ে দু’দিন আগে স্থানীয় যুবক হাফিজ ও আব্দুল হাইয়ের সঙ্গে কাওসারের বিরোধ তৈরি হয়।
সোমবার রাত ১২টার দিকে বিষয়টি নিয়ে আবারও উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এসময় কওসারের পিতা আবুল কালাম এগিয়ে এলে প্রতিপক্ষের যুবকেরা বাবা ও ছেলেকে শাবল দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় তাদের নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবা আবুল কালামের মৃত্যু হয়।
অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ।