লালমনিরহাট: জেলার কালীগঞ্জে অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেন চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেম।
গ্রেফতাররা হলেন- কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের কনক রায় (২৫), একই এলাকার নুরুজ্জামান (২৭) এবং আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের সজিব চন্দ্র (২১)।
ডিবি পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়নের মালগাড়া বগুড়াটারী এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি বিশেষ দল। অভিযানে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার সময় ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশের সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ৬টি স্মার্টফোন এবং ২৪টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোতে 299bet, Binance, এবং jeta33-সহ ২০টিরও বেশি নিষিদ্ধ অনলাইন জুয়ার অ্যাপ সচল অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা এসব সিম কার্ড ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের অবৈধ লেনদেন করে আসছিল।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।