সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলায় আজ শুক্রবার ঈদুল ফিতর পালন করা হচ্ছে। জামালপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, রংপুর, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, তাহিরপুর, বরিশাল থেকে আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এসব জেলার ঈদ উদ্যাপন তুলে ধরা হলো।
জামালপুর: সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, দক্ষিণ বলারদিয়ার, মূলবাড়ি, সাতপোয়া, বালিয়া, বনগ্রাম, করগ্রাম, হোসনাবাদ, বাউসী, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, পুঠিয়ারপাড়, বগারপাড়, লোটাবর, উচ্চ গ্রাম ও পাটাবুগা গ্রামের ৫ শতাধিক নারী-পুরুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। সকাল সোয়া ৮টায় দক্ষিণ বলারদিয়ার গ্রামে মাস্টারবাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে আজিম উদ্দিন ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রধান জামাতের ইমাম আজিম উদ্দিন জানান, ২০ বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করে আসছেন।
টাঙ্গাইল: সৌদি আরবের সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুযারে একদিন আগেই ৪০টি পরিবার ঈদ উদ্যাপন করেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের নামাজ আদায় করেন দেলদুয়ার উপজেলা লাউহাটি ইউনিয়নের শশীনাড়া গ্রামের ৪০টি পরিবারসহ বিভিন্ন উপজেলা থেকে আসা মুসল্লিরা। ঈদের নামাজ পড়ান হাফেজ এরশাদ হোসেন। স্থানীয়রা জানান, উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার ২০১২ সাল থেকে মধ্য প্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে।
মুন্সীগঞ্জ: সদর উপজেলার আধারা, মোল্লাকান্দি ও শিলইসহ পাঁচটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে এসব এলাকার মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। এতে অংশ নেয় চার শতাধিক মুসল্লি। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর পূর্ব জলীপাড়া (মৌলভীপাড়া) গ্রামের ১২০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর পালন করছে। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় গ্রামের জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, এই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় তিন দশক ধরে এই রেওয়াজ চলে আসছে। স্থানীয় ষাটোর্ধ্ব আবুল কাশেম জানান, প্রায় ৩০ বছর আগে মাওলানা আব্দুর রশিদ (বাদশা) প্রথম সৌদি আরবের চাঁদ দেখার সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদ্যাপন শুরু করেন।
নওগাঁ: সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় উপজেলায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কলোনিপাড়ায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান। জামাতে অংশ নেওয়া মুসল্লিরা নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন। আয়োজকরা জানান, জেলার মহাদেবপুর, ধামইরহাট, পোরশা থেকে মুসল্লি এসে নামাজ আদায় করে। এছাড়াও পার্শ্ববর্তী জয়পুরহাট ও বগুড়া থেকেও মুসল্লি জামায়াতে অংশ নেয়।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ধর্মপ্রাণ মুসলমানেরা আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। শুক্রবার (২০ মার্চ) শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ শিবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করেছেন। সকাল ৮টার সময় ৭৬ বিঘি আম বাগানে ঈদুল ফিতের নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। শিবগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা সেখানে ১০০-২০০ জন নারী পুরুষ ঈদ জামায়াতে অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করেছেন চারটি গ্রামের দুই শতাধিক মুসল্লি। গ্রামগুলো হলো- উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল, রজনীলাইন, পুরানঘাট এবং বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড়।
শুক্রবার (২০ মার্চ) সকালে দিকে উপজেলার আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমতৈল জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে আমতৈল, রজনীলাইন ও পুরানঘাট গ্রামের দেড় শতাধিক মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন মাওলানা জাবের হোসেন। একই সময়ে লাউড়েরগড় গ্রামেও পৃথকভাবে আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বরিশাল: সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে আজ শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদ্যাপন করছেন ১০ হাজারেরও বেশি পরিবার। চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহ্সূফী মমতাজীয়া দরবার শরীফের অনুসারীরা এই ঈদ উদ্যাপন করেন। সকাল সাড়ে ৯টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে পূর্ব হরিনাফুলিয়া চৌধূরী বাড়ি শাহসূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৭০টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মসজিদটির সভাপতি আমির হোসেন মিঠু।