Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটিতে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ১৮:৫৯ | আপডেট: ২২ মার্চ ২০২৬ ২২:৪৩

চট্টগ্রামের চিড়িয়খানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ছবি: স্টাফ করেসপন্ডেন্ট শ্যামল নন্দী

চট্টগ্রাম: ঈদের ছুটির প্রতিটি সকাল মানেই যেন নতুন এক শহর, চেনা চট্টগ্রাম তখন ভিন্ন রূপে ধরা দেয়। ব্যস্ততার নগরী ছেড়ে মানুষ ছুটে যায় খোলা আকাশের নিচে, সমুদ্রের ধারে কিংবা পাহাড়ঘেরা বিনোদন স্পটে। পরিবার-পরিজনের হাসি, শিশুদের উচ্ছ্বাস আর তরুণদের উল্লাসে নগরজুড়ে তৈরি হয় এক উৎসবমুখর আবহ।

শিশু-কিশোরদের পাশাপাশি নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে। এদিকে পর্যটক-দর্শনার্থী আকর্ষণে বিনোদন কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা।

নগরের অলিগলি ছেড়ে দল বেঁধে মানুষ ছুটে যান পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম চিড়িয়াখানা, ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও সি ওয়ার্ল্ড ওয়াটার পার্কসহ নানা বিনোদন কেন্দ্রে। শুধু শহরেই নয়, সীতাকুণ্ডের গুলিয়াখালী সাগরপাড়, মীরসরাইয়ের মহামায়া লেক, আনোয়ারার পারকি সৈকত কিংবা ফটিকছড়ির সবুজ চা বাগানেও ছিল একই চিত্র। পতেঙ্গা সৈকতে পা রাখলেই চোখে পড়ে অন্য এক দৃশ্য। হাজারো মানুষের ভিড়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন সারাবাংলাকে বলেন, এবার ঈদের দিন থেকেই দর্শনার্থীদের চাপ ছিল। আজ সকাল থেকে ১৭ হাজারের ও অধিক দর্শনার্থী হয়েছে। এই ভিড় আগামী সপ্তাহ পর্যন্ত থাকতে পারে।

তিনি জানান, চিড়িয়াখানায় দর্শনার্থীদের বেশি আগ্রহ ছিল বাঘ, সিংহ, হরিণ, বানর নিয়ে। এসব প্রাণীর খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড় লেগেই ছিল। পশুপাখি দেখতে শিশু-কিশোরদের আগ্রহই বেশি চোখে পড়েছে। কয়েক বছর ধরে চট্টগ্রাম চিড়িয়াখানা নিয়ে মানুষের আগ্রহ জন্মেছে বলে জানালেন শাহাদাত হোসেন। এর কারণ আগের চেয়ে এখানে বাঘের সংখ্যা বেড়েছে। পশুপাখির বৈচিত্র্যও বৃদ্ধি পেয়েছে।

চিড়িয়াখানার পাশেই রয়েছে ফয়’স লেক। সেখানেও দর্শনার্থীদের ভিড় লেগে ছিল। এখানে তিনটি অংশ রয়েছে—ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট, সি ওয়ার্ল্ড ও বেস ক্যাম্প। সবখানে মানুষের সরব উপস্থিতি। দেখা যায় সি ওয়ার্ল্ডের ওয়েভ পুলে শত শত মানুষ গানের তালে তালে আনন্দে মেতেছেন। নানা বয়সী মানুষ মেতে উঠেছেন জলকেলিতে। পার্কের রাইডগুলোতেও চড়ে বসেছে অনেক শিশু-কিশোর।

ফয়’স লেক কমপ্লেক্সের পরিচালনাকারী প্রতিষ্ঠান কনকর্ডের ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ সারাবাংলাকে বলেন, ঈদের দিন দুপুরের পর থেকে ফয়েস লেকের তিন অংশেই ব্যপক ভিড় ছিল। পরিবার নিয়ে দলবলে এসেছেন সি ওয়ার্ল্ডে।

সব মিলিয়ে, ঈদের ছুটিতে চট্টগ্রাম যেন হয়ে উঠেছে এক বিশাল মিলনমেলা-যেখানে মানুষের ভিড়ের সঙ্গে মিশে আছে আনন্দ, ভালোবাসা আর একটুখানি প্রশান্তির খোঁজ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর