ঢাকা: প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে দুপুর ১২টার আগে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে দর্শনার্থীদের জন্য পাস ইস্যুর সংখ্যাও সীমিত করা হচ্ছে।
সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সভার কার্যপত্র অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা দিনে সর্বোচ্চ ১০টি দর্শনার্থী পাস দিতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব এবং সিনিয়র সচিব বা সচিবেরা সর্বোচ্চ পাঁচটি পাস দিতে পারবেন। অতিরিক্ত সচিবেরা তিনটি এবং যুগ্মসচিবেরা দুটি পাস দিতে পারবেন।
সচিবালয়ে প্রবেশ ও নিরাপত্তা ব্যবস্থা আরও নিয়ন্ত্রিত করতে প্রতিটি ভবনে পৃথক অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভবনভিত্তিক প্রবেশাধিকার যাচাই করা হবে। দর্শনার্থীদের প্রবেশ, গাড়ি চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনভিত্তিক প্রবেশাধিকার যাচাইয়ের ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।
এছাড়া বিদেশি দর্শনার্থীদের জন্য পৃথক নিবন্ধন ব্যবস্থা চালু করা হবে। তাদের পরিচয়, আগমনের উদ্দেশ্য, সংশ্লিষ্ট কর্মকর্তা বা দফতর এবং প্রবেশ ও বের হওয়ার তথ্য সংরক্ষণ করতে হবে।
সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।