Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটির পর প্রথম কার্যদিবস
উপস্থিতি কম, কর্মচাঞ্চল্য ফেরেনি সচিবালয়ে

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১২:১০

– ছবি : সংগৃহীত

ঢাকা: পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলেছে সরকারি অফিস। তবে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফেরেনি। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনেক কক্ষেই কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল কম।

অন্যদিকে, দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলিতে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে অনেককে।

সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন ভবন ঘুরে দেখা যায়, অনেক কর্মকর্তা-কর্মচারী এখনো ছুটিতে রয়েছেন। ফলে বেশ কিছু কক্ষে নির্ধারিত সংখ্যার তুলনায় উপস্থিতি ছিল অনেক কম।

বিজ্ঞাপন

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার কিছু পরে সচিবালয়ে প্রবেশ করেন। সকালেই সচিবালয়ে প্রবেশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

খাদ্য মন্ত্রণালয়ের ১২৫ নম্বর কক্ষে পাঁচজন কর্মকর্তার বসার ব্যবস্থা থাকলেও অফিস করতে দেখা গেছে মাত্র দুজনকে। একই মন্ত্রণালয়ের ১৩২ নম্বর কক্ষে চারজন কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন একজন, বাকি তিনজন ছুটিতে রয়েছেন।

এদিকে সচিবালয়ের দর্শনার্থী গেটেও অন্য দিনের তুলনায় দর্শনার্থীদের সংখ্যা অনেক কম দেখা গেছে।

গত বৃহস্পতিবার (২৮ মে) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্ম উৎসব পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে শুরু হয় সরকারি চাকরিজীবীদের টানা সাত দিনের ছুটি। ছুটি শেষ হয়েছ রোববার (৩১ মে)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর