যশোর: চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে ফেরার পথে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় যশোরের মনিরামপুরের এক পরিবারের তিন জন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা ওই পরিবারের বাকি তিনজন।
সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।
বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
নিহত তিনজন হলেন, মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা মনিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২ সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) ও জনির চার বছরের মেয়ে শেহেরিশ।
আহতরা হলেন, জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আল মাস (১০)।
ওসি বলেন, প্রাইভেটকারটি যশোরের দিকে আসছিল। চালক জনি গাড়ি চালাতে গিয়ে বারবার ঘুমিয়ে যাচ্ছিলেন। গাড়িটি রাত আড়াইটার দিকে গাইদঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালক জনি ও তার বাবা আব্দুল মজিদ মারা গেছেন।
নিহত জনির ব্যাবসা প্রতিষ্ঠানের আইটি এক্সপার্ট রিয়াদ হোসেন বলেন, জনি সোমবার পরিবারের সবাইকে নিয়ে প্রাইভেটকারে চড়ে চুয়াডাঙ্গায় নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে জনি, তার বাবা ও ছোট্ট মেয়েটি মারা গেছে। এসময় আহত হয়েছেন জনি ভাইয়ের মা, স্ত্রী ও ছেলে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রিয়াদ হোসেন বলেন, রাতে সব আইনি প্রক্রিয়া শেষ করে আমরা নিহত তিন জনের মরদেহ তাদের বাড়িতে এনেছি। তাদের দাফন প্রক্রিয়াধীন।
ওসি বলেন, গাড়িটির ভিতরে থাকা চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।