Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ২৮ হাজার ইয়াবা, চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৬:৪২ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৬:৫২

কক্সবাজার: জেলার টেকনাফের শীলখালী এলাকায় প্রাইভেটকারের ড্যাশবোর্ডে পাচারের সময় ২৮ হাজার ইয়াবা ও একটি বিয়ার ক্যানসহ একজনকেে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। আটক মো. শাহীন (১৮) টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়া গ্রামের বাসিন্দা আবুল ফয়েজের ছেলে।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, সকাল ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ড্রাইভিং হুইলের ড্যাশবোর্ডের পেছনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা কালো কসটেপে মোড়ানো ১৪টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে সেগুলো গণনা করে ২৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। একই সঙ্গে একটি বিয়ার ক্যানও জব্দ করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক মো. শাহীনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা, বিয়ার, প্রাইভেটকার ও মোবাইলসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর