নীলফামারী: জেলায় ট্রেনে কাটা পড়ে আতিকুল ইসলাম ওরফে ভোলা (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলার শখের বাজার এলাকায় খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। নিহত আতিকুল কিসামত চড়াইখোলা এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, আতিকুল ইসলাম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার চিকিৎসা চলছিল, তবে অবস্থার উন্নতি হয়নি। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে আবার ফিরে আসতেন। আজ ভোরে তিনি ফজরের নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়ে আসেন নামাজের আদায় শেষে, শখের বাজার এলাকায় রেল লাইনের পাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’