লালমনিরহাট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, লালমনিরহাটকে আলোকিত জেলায় রূপান্তর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। দুর্যোগপ্রবণ এই অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। পাশাপাশি যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জেলা শহরের তার নির্বাচনি এলাকার (লালমনিরহাট সদর-৩) চার্চ অব গড মিশন প্রাঙ্গণে আলোকিত লালমনিরহাট গঠনের অঙ্গীকার নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি,প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রানমন্ত্রী দুলু বলেন, লালমনিরহাটকে একটি আলোকিত জেলায় রূপান্তর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এজন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা দরকার।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নই পারে এই জেলার চেহারা বদলে দিতে।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা লালমনিরহাটের বর্তমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। মাদক নির্মূল, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, শহরের পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, ‘আলোকিত লালমনিরহাট’ শুধু একটি স্লোগান নয়, এটি একটি সম্মিলিত স্বপ্ন, যেখানে উন্নয়ন, ন্যায়বিচার, মানবিকতা এবং সামাজিক বন্ধন সমানভাবে গুরুত্ব পাবে।
মতবিনিময় কালে বক্তারা ,বিশেষ করে তরুণরা আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং কর্মসংস্থানমুখী লালমনিরহাট গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, স্টার্টআপ সহায়তা এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের দাবি জানান।
লালমনিরহাট জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক রাজিব আহসান, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ সংগঠক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে।
সবশেষে একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ে তোলার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।