কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকার নির্ধারিত সঠিক মূল্য নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৭ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ফিলিং স্টেশনে এই ঝটিকা অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে কসবার মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশন, কুটি চৌমুহনী, বায়েক চৌমুহনী এবং নোয়াগাঁও মোড়ে তেলের সরবরাহ ও মূল্যমান যাচাই করা হয়। এ সময় বায়েক চৌমুহনী এলাকায় ফুল মিয়া মেম্বারের দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পেট্রোল ও অকটেন বিক্রির সত্যতা পাওয়া যায়। জনস্বার্থে এই অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই দোকানকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
একই দিনে উপজেলার নোয়াগাঁও মোড়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রির অপরাধে শাহ আলম (৬২) নামে এক ব্যক্তিকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম জানান, সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।