Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে দিরাইয়ের ৪ যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ মার্চ ২০২৬ ২৩:৫৫ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ২৩:৫৬

সুনামগঞ্জ: দালালের মাধ্যমে সমুদ্রপথে লিবিয়া থেকে নৌকাযোগে গ্রিসে যাওয়ার পথে দিরাইয়ের একই গ্রামের ৩ জনসহ ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) এই খবরে তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বারবার মুর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা।

দুর্ঘটনায় মারা গেছেন- উপজেলার তারাপাশা গ্রামের আবু সরদারের ছেলে নুরুজ্জামান ময়না (৩৮), আব্দুল গনির ছেলে সাজিদুর রহমান (৩২), মৃত কারী ইসলাম উদ্দিনের ছেলে শাহান এহিয়া (২৫) ও উপজেলার রনারচর গ্রামের মুজিবুর রহমান।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় দালাল চক্রের মাধ্যমে গত রমজানে লিবিয়ার উদ্দেশে বাড়ি ছাড়েন তারাপাশা গ্রামের ৪ যুবক। এর মধ্যে লিবিয়া থেকে নৌকাযোগে গ্রিস যাওয়ার পথে দুর্ঘটনায় তাদের ৪ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় বাংলাদেশি ২১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪ জন সুনামগঞ্জের দিরাইয়ের বাসিন্দা।

ওই নৌকা থেকে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকাটি গত ২১ মার্চ লিবিয়ার তোবরুক বন্দর থেকে গ্রিসের উদ্দেশে রওনা দেয়। ছয় দিন ধরে খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভাসতে থাকায় যাত্রীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকটে সবমিলিয়ে ২২ জনের মৃত্যু হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জীবিতদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, যাত্রাপথে মারা যাওয়া লোকদের মরদেহ পাচারকারীদের নির্দেশে ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়।

চলতি বছরের প্রথম দুই মাসেই ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জন মারা গেছেন, যেখানে গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ২৮৭।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর