কক্সবাজার: জেলার সদর উপজেলায় জমিসংক্রান্ত সীমানা বিরোধের জেরে মোবিনুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের পিএমখালী ইউনিয়নে উত্তর পরানিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মোবিনুল হক উপজেলার মাইজপাড়া এলাকার মৃত নবী উল্লাহ ও মৃত দিলোয়ারার ছেলে। তিনি বর্তমানে পিএমখালীর ৪ নম্বর ওয়ার্ডের উত্তর পরানিয়া পাড়ায় বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবিনুল হকের সঙ্গে তার প্রতিবেশী আবু সৈয়দের ছেলে মো. আলমগীর (২৮) দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য সোমবার সন্ধ্যায় স্থানীয় নেতাদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে রাত হয়ে যাওয়ায় বৈঠকটি আংশিক শেষ করে বাকি অংশ পরদিন করার সিদ্ধান্ত নিয়ে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান। এর পর থেকেই অভিযুক্ত আলমগীর এলাকায় উচ্চস্বরে হুমকি-ধমকি দিতে থাকেন।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে মোবিনুল হক বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে বাংলাবাজার থেকে খুরুশকুলগামী সড়কের ফরিদের দোকানের উত্তর পাশে পৌঁছালে ওঁত পেতে থাকা আলমগীর ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার পর প্রধান অভিযুক্ত আলমগীরসহ জড়িত অন্যদের গ্রেফতারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে সম্ভাব্য স্থানে অভিযান চলছে।’