রাজশাহী: ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান’— এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে ব্যানার ও ফেস্টুন হাতে বর্ণিল সাজে সজ্জিত হয়ে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ ছাড়াও পুলিশ ও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে শিশু একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। মেলা উদ্বোধনের পরপরই শিশু একাডেমিতে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বর্ষবরণের নানা গান ও পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।