Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে সরকারি নির্দেশনা অমান্য করে রাতেও চলছে বেচাকেনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১৫:১৮

রাতেও বাজার জমজমাট।

পিরোজপুর: জেলার নাজিরপুরে শ্রীরামকাঠী বন্দর বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পরেও চলছে জমজমাট বেচাকেনা। সরকার নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন এখানে দেখা যায়নি।

সোমবার (১৩ এপ্রিল) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের প্রায় সব দোকানপাট খোলা রয়েছে এবং ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও স্বাভাবিক সময়ের মতো। এতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে শ্রীরামকাঠী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ হাসান, সাধারণ সম্পাদক ফাহিম মৃধা এবং ৮ নম্বর শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মনোজ কান্তি মণ্ডল জানান, দোকানপাট বন্ধের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের মাইকিং বা মৌখিক নির্দেশনা তারা পাননি। তাদের ভাষ্য, ‘প্রশাসন যদি আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়, আমরা অবশ্যই তা মেনে চলব।’

বিজ্ঞাপন

এদিকে, পরিস্থিতি সম্পর্কে জানতে গণমাধ্যমকর্মীরা নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমি ইউএনও স্যারকে এখনই অবহিত করছি।’

তবে এক ঘণ্টা পর এ বিষয়ে খোঁজ নিতে পুনরায় ফোনকল করা হলেও তিনি তা রিসিভ করেননি। এ ছাড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় নজরদারির অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানিয়েছে সচেতন মহল।