চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে তেল মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) সোলায়মান সেখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিহুদা বাজারে অভিযান চালিয়ে আতিয়ার রহমানের একটি মুদি দোকান থেকে অবৈধভাবে মজুত রাখা পাঁচ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ২০ ধারায় তাকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই অভিযানে পিয়াস ফিলিং স্টেশনে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সেখানে দায়িত্বরত ম্যানেজার নজরুল ইসলামকে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় সাতদিনের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, ‘অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আজ অভিযানে পিয়াস ফিলিং স্টেশনের ম্যানেজার নজরুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা ও সাতদিনের জেল দেওয়া হয়েছে। আর আতিয়ার রহমান নামের একজনকে পাঁচদিনের কারাদণ্ড দেওয়া হয়।’
প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।