Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৪:৫৭

বলেশ্বর ফিলিং স্টেশনে ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’ উদ্বোধন করতে আসেন জেলা প্রশাসক আবু সাঈদ।

পিরোজপুর: জ্বালানি তেলের ওপর অতিরিক্ত চাপ ও অস্বাভাবিক মজুত কমাতে পিরোজপুরে চালু করা হয়েছে ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় শহরের বলেশ্বর ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ এবং পিরোজপুর বিআরটিএ’র সহকারী পরিচালক ও ট্যাগ অফিসার মোবারক হোসেন।

অনুষ্ঠানে অ্যাপটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উদ্ভাবক ওবায়দুল হক রাসেল।

তিনি জানান, ফিলিং স্টেশনে আসা মোটরসাইকেল বা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে অ্যাপে সংরক্ষণ করা হবে। কোনো বাইকার একবার ৫০০ টাকার পেট্রোল বা অকটেন নিলে পরবর্তী চারদিন বা ৯৬ ঘণ্টার মধ্যে পিরোজপুর জেলার নির্ধারিত পাঁচটি ফিলিং স্টেশন কিংবা অ্যাপ সংযুক্ত অন্য কোনো স্টেশন থেকে পুনরায় জ্বালানি নিতে পারবেন না।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই ব্যবস্থার মাধ্যমে একই যানবাহনের বারবার তেল নেওয়া বন্ধ করা সম্ভব হবে। ফলে কৃত্রিম সংকট ও অতিরিক্ত ভিড় কমে আসবে। আমরা পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে এই অ্যাপ চালু করব। আশা করছি, আগামী ৫-৬ দিনের মধ্যে স্টেশনগুলোতে ভিড় উল্লেখযোগ্যভাবে কমে যাবে।’

উদ্ভাবক জানান, ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপটি বর্তমানে ঝিনাইদহ জেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু রয়েছে। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের আমন্ত্রণে পিরোজপুর জেলায় এটি চালু করা হয়েছে, যাতে স্থানীয় জনগণের ভোগান্তি কমানো যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট ফুয়েল অ্যাপ চালুর মাধ্যমে আমরা তেল বিতরণে স্বচ্ছতা আনতে এবং অপ্রয়োজনীয় ভিড় ও অপব্যবহার কমাতে পারব। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ সাধারণ মানুষের ভোগান্তি কমাবে এবং জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।’

সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর