মানিক মিয়ার রাজপথে তখন নগরবাউলের চেনা সুর আর হাজারো ভক্তের মাতামাতি। সেই উন্মাদনার মাঝেই হঠাৎ থেমে গেল সুরের ধারা। মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে গর্জেই উঠলেন রকস্টার জেমস। কারণ একটাই কনসার্ট দেখতে এসে এক যুবকের বিপজ্জনকভাবে গাছের ডালে চড়ে বসা।
গত শনিবার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয়েছিল বিশেষ ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে নগরবাউল ছাড়াও গান পরিবেশন করে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক। বিনামূল্যে প্রিয় তারকাদের গান শোনার সুযোগ থাকায় হাজার হাজার শ্রোতার ঢল নেমেছিল মানিক মিয়ার উন্মুক্ত চত্বরে।
নগরবাউলের পারফর্ম্যান্স চলাকালীন হঠাৎই জেমসের নজর যায় কাছেই একটি গাছের ডালে ঝুলতে থাকা এক যুবকের দিকে। বিষয়টি দেখা মাত্রই গান থামিয়ে দেন তিনি। ভক্তের এমন চরম ও ঝুঁকিপূর্ণ আচরণে রুষ্ট হয়ে মাই হাতে কড়া বার্তা দেন নগরবাউল। জেমস সরাসরি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, ‘এভাবে গান শুনতে এসে যদি কেউ কোনো রকমের জঘন্য আচরণ করে, তাহলে আমি আর গান করব না। গান হবে আনন্দের জন্য। আনন্দ করো, কিন্তু পরিবেশ নষ্ট করো না।’
তারকাদের প্রতি অতিরিক্ত আবেগ কখনো কখনো কনসার্টের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে দেয়। প্রিয় শিল্পীকে একটু কাছ থেকে দেখার ব্যাকুলতা বা উন্মাদনা যেন দুর্ঘটনার কারণ না হয়, জেমসের সেই সতর্কবার্তায় তা স্পষ্ট হয়ে উঠল আরও একবার। রকস্টারের এমন দায়িত্বশীল ও কড়া অবস্থানের পর মানিক মিয়ার বিশাল সেই প্রাঙ্গণে আবারও ফেরত আসে সংগীতের সুশৃঙ্খল আবহাওয়া।