Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় অবৈধভাবে ডিজেল পরিবহণ, বাবা-ছেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ২১:২৭

জব্দ হওয়া ডিজেল।

গাইবান্ধা: গাইবান্ধা শহরে অবৈধভাবে ৪২৫ লিটার ডিজেল পরিবহণের সময় বাবা ও ছেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন। পরে জব্দ করা ডিজেল সরকারি বাজারদরে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বাবু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাটপট্টি এলাকা থেকে ফুলছড়ি উপজেলার এক খুচরা ব্যবসায়ী ও তার ছেলে বিপুল পরিমাণ ডিজেল একটি অটোভ্যানে করে নিয়ে যাচ্ছেন বলে গোপন সূত্রে খবর পাওয়ার পরে প্রশাসন এ অভিযান চালায়। এ সময় শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে ভ্যানটি অনুসরণ করে গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুলের সামনে থামিয়ে তল্লাশি চালানো হয়।

বিজ্ঞাপন

তল্লাশিকালে মানিক রায় চৌধুরি ও তার ছেলের কাছ থেকে ৪২৫ লিটার ডিজেল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত হবেন না মর্মে মুচলেকা দেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল পরিবহণ ও মজুতদারির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং কৃষকদের ন্যায্যমূল্যে জ্বালানি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’