রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় পানিতে ডুবে জান্নাতি (১৩) নামে এক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার নয়ন মোড় এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। জান্নাতি ওই এলাকার জিন্না আলী খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর থেকে শিশু জান্নাতিকে খুঁজে পাচ্ছিল না তার পারিবার। পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয় কয়েকজন গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় জান্নাতির নিথর দেহ দেখতে পান। তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন-চার্জ) শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।