Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‘দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১০:৫৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ইউনিট প্রতিনিধি সমাবেশে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির নেতারা। তারা অভিযোগ করেছেন, বিভিন্ন ইস্যুতে জনদৃষ্টি ভিন্নখাতে নিতে ‘গুপ্ত-সুপ্তের ধোঁয়া’ তৈরি করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন শাখা আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

সমাবেশে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার-সমর্থিত ছাত্র সংগঠনের সহিংসতায় অস্থিরতা তৈরি হয়েছে। একই সঙ্গে জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে জনগণের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

নূর আহমদ আনোয়ারী আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ‘নাজুক ও উদ্বেগজনক’। বিশেষ করে টেকনাফসহ উপকূলীয় এলাকায় মানবপাচার, অপহরণ ও হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এসব ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির স্পষ্ট ইঙ্গিত বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে ন্যায়ভিত্তিক সমাজ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। এ লক্ষ্যে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দায়িত্বশীলতা, ত্যাগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের তাগিদ দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী, জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকউল্লাহ এবং উপজেলা সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার। এছাড়া মাওলানা বদিউল আলম, মোহাম্মদ ইয়াকুবসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশ থেকে দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নে সুশাসন প্রতিষ্ঠা এবং বিভিন্ন দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর