চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ‘আত্মহত্যা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে জেলা শহরের স্কাই ভিউ ইন হোটেলের সম্মেলনকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। ‘টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেড’ এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দিন।
বিশেষ অতিথি ও বিশেষজ্ঞ হিসেবে কর্মশালায় আত্মহত্যা বিষয়ক রিপোর্টিংয়ের বিভিন্ন কারিগরি ও সংবেদনশীল দিক তুলে ধরেন টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. তানজির রশিদ সরন।
প্রশিক্ষণ প্রদান করেন জেলার অভিজ্ঞ প্রশিক্ষক ও সাংবাদিক মো. আসাদুল্লাহ।
আত্মহত্যা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র সম্পর্কে কর্মশালায় বলা হয়, বিশ্বে প্রতি বছর প্রায় ৭ লক্ষ মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। বাংলাদেশে এই সংখ্যা বছরে প্রায় ১২ হাজার।
এ সময় স্থানীয় এক পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, ২০২৫ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১০৮ জন আত্মহত্যা করেছেন। ২০২৬ সালের বর্তমান সময় পর্যন্ত জেলায় ৩০ জন আত্মহত্যা করেছেন।
দায়িত্বশীল সাংবাদিকতা সম্পর্কে বক্তারা বলেন, আত্মহত্যা কোনো সমাধান নয়। গণমাধ্যমে এটি প্রচারের সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আত্মহত্যার পদ্ধতি বা আত্মহত্যাকে রোমান্টিসাইজ করা থেকে বিরত থাকার আহ্বানও জানান তারা।
কর্মশালায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, দৈনিক চাঁপাই দর্পণ-এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, ফয়সাল মাহমুদ এবং এটিএন নিউজের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনসহ আরও অনেকেই।
কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মোট ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে বক্তারা আশা প্রকাশ করে বলেন যে, সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে আত্মহত্যার প্রবণতা কমিয়ে আনতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
আত্মহত্যা প্রতিরোধে সংবাদের শেষে সবসময় সাহায্যকারী হেল্পলাইন নম্বর বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার আহ্বান যুক্ত করা উচিত বলেও মন্তব্য করেন বক্তারা।