Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরা ইপিজেডের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য ‘লে-অফ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৩:১৫

ছবি: সংগৃহীত।

নীলফামারী: বর্তমানে দেশের বৈশ্বিক সার্বিক পরিস্থিতির কারণে কাঁচামালের তীব্র সংকট ও ক্রেতার ক্রয় আদেশ (বায়ারের অর্ডার) হ্রাস পাওয়ায় কারখানা অনির্দিষ্টকালের জন্য লে-অফ নোটিশ দিয়েছেন নীলফামারীর উত্তরা ইপিজেডের চশমা ও অপটিক্যাল ফ্রেম তৈরির চীনা কোম্পানি ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লি।

বুধবার (২৯ এপ্রিল) বিকালে প্রতিষ্ঠানের ডাইরেক্টর অপরারেশন এরেন লি স্বাক্ষরিত একটি লে-অফ নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

নোটিশে জানানো হয়, বর্তমানে দেশের বৈশ্বিক সার্বিক পরিস্থিতির কারণে কাঁচামালের তীব্র সংকট ও ক্রেতার ক্রয় আদেশ (বায়ারের অর্ডার) হ্রাস পাওয়ায় প্রতিষ্ঠানের নিয়মিত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

এজন্য আগামী ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ইপিজেড আইন ২০১৯ এর সংশ্লিষ্ট ধারা ৪৫ মোতাবেক কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে লে-অফ ঘোষণা করা হয়। লে-অফ চলাকালীন সময় কোনো শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের কারখানায় উপস্থিত বা দৈনিক হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। কাঁচামালের সরবরাহ এবং ক্রয় আদেশ পেলে কারখানায় সবাইকে উপস্থিত হওয়ার জন্য জানানো হবে।

নোটিশে আরও জানানো হয়, কারখানা লে-অফ ক্লিন সময় শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণকে বাংলাদেশ ইপিজেড আইন ২০১৯ এর ধারা ১৫ মোতাবেক বেতন-ভাতাদি পরিশোধ করা হবে। এছাড়া, আগামী ৭ মে থেকে ১৪ মে মধ্যে পবিত্র ঈদ উল আযহার বোনাস ব্যাংকের মাধ্যমে সবার স্ব স্ব অ্যাকাউন্টে দেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী উত্তরা ইপিজেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জব্বার জানান, কাঁচামালের অভাব ও অর্ডার কম থাকার কারণে গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে অনির্দিষ্টকালের জন্য লে-অফ নোটিশ ঘোষণা দিয়েছে ম্যাজেন বিডি কর্তৃপক্ষ। কাঁচামালের সরবরাহ এবং ক্রয় আদেশ পেলে কারখানার কার্যক্রম পুনরায় চালু হবে।

উল্লেখ যে, ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লি-এ ৪ হাজার ৩৬১ জন স্থানীয় শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী এবং চীনা নাগরিক ও বিশেষজ্ঞ ৯৬ জন রয়েছেন।