Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড়ে ভেঙে গেছে মসজিদের চাল-বেড়া, বারান্দায় নামাজ আদায় মুসল্লিদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ০৯:১১ | আপডেট: ১ মে ২০২৬ ০৯:১২

ঝড়ে ভেঙে গেছে মসজিদের চাল-বেড়া, বারান্দায় নামাজ আদায় মুসল্লিদের। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: কালবৈশাখী ঝড়ে উল্লাপাড়ায় একটি মসজিদের টিনের চাল ও বেড়া ভেঙে লণ্ডভণ্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে মুসল্লিরা বর্তমানে মসজিদের বারান্দায় নামাজ আদায় করছেন।

সোমবার (২৭ এপ্রিল) ফজর নামাজ শেষে কালবৈশাখী ঝড় শুরু হলে উপজেলার কয়ড়া ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে নতুন জামে মসজিদের টিনের চাল ও বেড়া ভেঙে লণ্ডভণ্ড হয়ে যায়। তবে মসজিদ ঘরটির টিনের বারান্দা ঝড়ের কবল থেকে রক্ষা পেয়ে টিকে আছে। সেখানেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন মুসল্লিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কয়ড়া ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে ২০০৫ সালে পৌনে ৬ শতক জায়গায় মসজিদটি টিন দিয়ে নির্মাণ করা হয়। মসজিদটিতে প্রায় ৮০-৯০ জন মুসুল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন। কিন্তু গত সোমবার ভোরে কালবৈশাখী ঝড় শুরু হলে মসজিদের চার পাশের টিনের বেড়া এবং চাল ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখন শুধু বারান্দা অংশের উপরের চাল (ছাউনি) টুকু টিকে আছে। সেখানেই কোনো রকমভাবে ১০-১৫ জন মুসল্লি নামাজ আদায় করছেন।

বিজ্ঞাপন

মসজিদটি নতুন করে সংস্কারের জন্য এরই মধ্যে গ্রামবাসীরা আলোচনা শুরু করেছেন। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো রায়হান আলী বলেন, ‘মসজিদ ঘরটি সংস্কারের জন্য টাকার দরকার। যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে চায় তাহলে সহযোগিতা করতে পারবেন। ঘরটি নতুন করে সংস্কারের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগও করেনি। যদি আবেদন দিয়ে থাকে তাহলে অফিসে আছে। আমি খোঁজ নিচ্ছি। আমার সঙ্গে মসজিদ কমিটি বা এলাকাবাসী যোগাযোগ করলে অবশ্যই সহযোগিতা করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর