Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

যশোরে ৩ কিমি খাল খননে দূর হবে ১৭ গ্রামের জলাবদ্ধতা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৫:৫৩

যশোর: যশোর সদরের তিন কিলোমিটার সিরিজ খাল পুনঃখননের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বিরুপ আবহাওয়ার ভিতরে দলীয় নেতাকর্মীদের নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে এই কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরে খালপাড়ে বৃক্ষরোপণ করেন।

খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষ প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনি অঙ্গীকার ছিল খাল পুনঃখনন কর্মসূচি। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু করেন। তারাই ধারাবাহিকতায় আজ হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজের শুরু হলো। এর মাধ্যমে ১৭টি গ্রাম জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। দেশের অর্থনীতির ভিত মজবুত হবে।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হকসহ অন্যান্যরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির আওতায় সিরিজ খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই কাজের বাস্তবায়ন করছে। দৈনিক মজুরির ভিত্তিতে খাল পুনঃখনন কাজ করা হবে। তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর