টাঙ্গাইল: কোরবানির পশু হাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয় সেই বিষয়ে আমরা সজাগ রয়েছি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (৮ মে) বিকালে টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের ফাইনাল খেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, চাহিদার চেয়ে বেশি পরিমানে পশু আমাদের মজুদ রয়েছে। কাজেই বাইরে থেকে কোরবানির পশু আনার দরকার নেই। চাহিদা অনুযায়ী সরবরাহ করতে সক্ষম হবো।
তিনি বলেন, পশুর বাজার ব্যবস্থাপনা যাতে সঠিক থাকে সেই অনুযায়ী প্রত্যেক হাটে ভেটেরিনারি ডাক্তাররা দায়িত্ব পালন করবে।
চোরাই পথে পশু আসা বন্ধের বিষয়ে তিনি বলেন, কোরবানির পশু কোনভাবেই বাইরের থেকে অবৈধ পথে যাতে প্রবেশ করাতে না পারে। সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও বর্ডার এলাকায় দায়িত্বরত বিডিআর বাহিনীকে অবহিত করেছি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।