ফরিদপুর: সদর উপজেলার ১নম্বর ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি মো. শহীদুল ইসলাম মজনুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২ মে) বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।
তিনি জানান, সদর উপজেলার ১নম্বর ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মজনুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো চেয়ারম্যানকে বরখাস্তের নোটিশ পেয়েছি। এতে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না ১০ কার্যদিবসের মধ্যে তার কারণ জানতে চাওয়া হয়েছে। জেলা প্রশাসকের কাছে তিনি এর জবাব দেবেন, এরপর জেলা প্রশাসক তা মন্ত্রণালয়ে পাঠালে মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা নেবেন।
তিনি আরও বলেন, বরখাস্ত হওয়ায় চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল মেম্বার ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া রোববার তিনি জেলা প্রশাসককে আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় বুঝিয়ে দেবেন।
উল্লেখ্য, গত দুই মেয়াদ ধরে ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন শহীদুল ইসলাম মজনু। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুই হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় করা মামলার অন্যতম আসামি সে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামিও তিনি। এছাড়াও তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ২০২২ সালের ২৩ জুলাই বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ শহিদুল ইসলাম মজনুকে (৪৭) আটক করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া প্রতিপক্ষকে ফাঁসাতে করা ধর্ষণ মামলায় ২০২২ সালের ১৫ ডিসেম্বর পুলিশের হাতে আটক হয় মজনু।