Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির অভিযানে ৫৬ লাখ টাকার নিষিদ্ধ সিরাপ ও জর্দা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৯:৪৫ | আপডেট: ৪ মে ২০২৬ ১৯:৫৩

উদ্ধার হওয়া মালামাল।

হিলি (দিনাজপুর): জয়পুরহাট সদর উপজেলায় একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং নিষিদ্ধ জর্দা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৪ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার নতুনহাট রোড সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে বিপুল পরিমাণ অবৈধ মালামাল মজুত থাকার গোপন সংবাদ পেয়ে অভিযানটি চালানো হয়। গোয়েন্দা তথ্যে জানা যায়, এসব পণ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করে পরবর্তীতে সীমান্তপথে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা ছিল চোরাকারবারিদের।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) রাত আনুমানিক সাড়ে ৯টায় জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল ওই গোডাউনে হানা দেয়। অভিযানে প্রশাসনের পক্ষ থেকে জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান এবং র‍্যাব-৫(সিপিসি-৩)’র একটি চৌকস দল সম্মিলিতভাবে তল্লাশি পরিচালনা করে।

যৌথবাহিনীর তল্লাশিতে গোডাউন থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ, যা ৫১টি কার্টুনে সংরক্ষিত ছিল। আরও উদ্ধার করা হয় ৫ বস্তা সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত পদ্মাপুরী জর্দা। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

অভিযান শেষে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, বর্তমান যুবসমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি বদ্ধপরিকর।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের ক্ষতিকর ও অবৈধ পণ্যের পাচার রোধে আমাদের এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য, চোরাচালান, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় যে কোনো নির্ভরযোগ্য তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সাধারণ নাগরিকদের বিশেষভাবে অনুরোধও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর