পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার পৌরসভা এলাকায় চলন্ত যাত্রীবাহী বাস থেকে পড়ে শান্ত (৩৮) নামে এক বাসের সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার কাঠালডাঙ্গী হরিপুর এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ‘শামীম’ নামে যাত্রীবাহী গেটলক বাসটি বোদা বাইপাস মোড়ের কাছে পৌঁছালে পথিমধ্যে দাঁড়িয়ে থাকা এক যাত্রী গাড়িতে ওঠার জন্য হাত ইশারা করেন। এ সময় বাসচালক ব্রেকে পা রাখেন। কিন্তু ব্রেক জ্যাম হয়ে বাস নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং গেটে দাঁড়িয়ে থাকা বাস সহকারী শান্ত বাসের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ‘নিহতের মরদেহ সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’