Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ভাবিকে গলা কেটে হত্যার দায়ে দেবর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ২০:৪৯

গ্রেফতার হওয়া ব্যক্তি।

গাইবান্ধা: জেলার পলাশবাড়ীতে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় পলাতক এক আসামিকে অবশেষে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার হওয়া আসামির নাম মো. আনারুল মোল্লা (৩০)। তিনি নিহত গৃহবধূর স্বামীর ভাই।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত পৌনে ১২টায় রাজধানীর জসীমউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

পলাশবাড়ী থানায় করা এজাহার সূত্রে জানা যায়, নিহত ববিতা বেগমের সঙ্গে প্রায় ১৭ বছর আগে মো. হারুন মোল্লার বিয়ে হয়। এ দম্পতি পলাশবাড়ী থানা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এক পর্যায়ে গত ২৪ মার্চ ববিতা বাবার বাড়িতে চলে যান। পরে ২৭ মার্চ তার স্বামী হারুন এবং আসামি আশরাফুল তাকে আবার ভাড়া বাসায় ফিরিয়ে আনে।

বিজ্ঞাপন

পরদিন ২৮ মার্চ ববিতার মা লোকমুখে খবর পান তার মেয়েকে হত্যা করা হয়েছে। ভাড়া বাসায় গিয়ে তিনি খাটের ওপর মেয়ের গলা কাটা মরদেহ দেখতে পান। একই দিন ববিতার মা বাদী হয়ে পলাশবাড়ী থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা করেন।

গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে পলাতক আনারুল মোল্লাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘হত্যা, ধর্ষণ ও অপহরণসহ সবধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর