পঞ্চগড়: ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসাবে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
একইসঙ্গে চেক পোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবি নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করছে।
সীমান্ত এলাকা দিয়ে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান, গরু চোরাচালান, মানব পাচারসহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ করতে বিজিবি বদ্ধপরিকর।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘বিজিবি সদর দফতরের নির্দেশনার আলোকে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে পঞ্চগড় ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে।’