সাতক্ষীরা: জীবাশ্ম জ্বালানিমুক্ত আগামীর দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষী খোলপেটুয়া নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপকূলীয় যুব সংগঠন শরুব ইয়ুথ টিম কর্মসূচিতে অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের অর্ধ শতাধিক তরুণ-তরুণী এ স্ট্রাইকে অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম এবং অ্যাক্টিভিস্টা বাংলাদেশ।
স্ট্রাইকে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী উপকূলীয় জনগোষ্ঠী হলেও এর জন্য দায়ী তারা নয়। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে বিশ্বকে দ্রুত এগিয়ে যেতে হবে।
শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস. এম. জান্নাতুল নাঈম বলেন, ‘উপকূলের মানুষ প্রতিনিয়ত লবণাক্ততা, পানির সংকট ও দুর্যোগের সঙ্গে লড়াই করছে। অথচ জলবায়ু সংকট তৈরিতে আমাদের ভূমিকা খুবই কম। তাই আমরা একটি ফসিল ফ্রি আগামীর দাবিতে বিশ্বব্যাপী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’
এসওয়াইএসটি’র সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘যুবসমাজ এখন আর নীরব নয়। আমাদের ভবিষ্যৎ রক্ষায় এখনই কার্যকর জলবায়ু পদক্ষেপ নিতে হবে।’
শরুব ইয়ুথ টিমের কমিউনিকেশন ফোকাল জেবা তাসনিয়া বলেন, ‘জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের আরও সংগঠিত হতে হবে। উপকূলের বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য।’
এ সময় উপস্থিত ছিলেন শরুব ইয়ুথ টিমের ফাইন্যান্স ফোকাল এস. এম. রাশিদুল ইসলাম, মাসুদ রানা, রবিউল ইসলাম, শামীম হোসেন, নাহিদা সুলতানা, সালাম, রাজীবসহ আরও অনেকেই।