হিলি: কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৭০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩, দিনাজপুর)। এ সময় তিনজনকে আটকও করা হয়েছে।
শুক্রবার (৮ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩, দিনাজপুরের কর্মকর্তারা।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১৩ রংপুরের সিপিএসসির একটি দল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বাড়াইতাড়ী গ্রামে অভিযান চালায়। এ সময় মোসলেম উদ্দিনের ছেলে নুর ইসলামকে (৩৮) আটক করা হয়। পরে তার শোবার ঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পৃথক আরেকটি অভিযানে র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি দল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দস্তমপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়। রাত ৯টার দিকে সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশির সময় তাদের পরনের লুঙ্গির ভাঁজ থেকে ৩৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত ব্যক্তিরা হলেন দস্তমপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে মুমিনুল ইসলাম (৪০) এবং চান মিয়ার ছেলে লুৎফর রহমান (১৯)।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামালসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।’