চাঁপাইনবাবগঞ্জ: ভারত থেকে সম্ভাব্য পুশ-ইন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনী।
বুধবার (৬ মে) রাতে ৫৯ বিজিবির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জের ১৪০ কিলোমিটার সীমান্ত এলাকায় সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘মহানন্দা ব্যাটালিয়ন তথা ৫৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।’
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, ‘সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বাহিনী।’