Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কসবায় কালবৈশাখীর তাণ্ডব, বিদ্যুৎ-ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ

লোকাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৬ ১৯:৪১ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৯:৪৩

কসবা: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমির পাশাপাশি ভেঙে পড়েছে একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। এতে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলার হাজারো মানুষ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঝড় উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয় কালবৈশাখী ঝড়। প্রচন্ড ঝড়ের তাণ্ডবে এলাকার অসংখ্য ঘর-বাড়ি ও গাছপালা ভেঙে পড়ে, এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় একটি এয়ারটেল মোবাইল টাওয়ার ভেঙে পাশের পুকুরে পড়ে যায়। ফলে ওই এলাকায় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। খবর পেয়ে সংশ্লিষ্ট টাওয়ার কোম্পানির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

বিজ্ঞাপন

মোবাইল কোম্পানির সংশ্লিষ্টরা জানান, এটি একটি ‘মাদার টাওয়ার’, যার মাধ্যমে আশপাশের প্রায় ১০টি টাওয়ার সংযুক্ত রয়েছে। নতুন করে টাওয়ার স্থাপন না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ নেটওয়ার্ক চালু করা সম্ভব হবে না।

অন্যদিকে ঝড়ের সময় কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। এতে করে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঝড়ের আঘাতে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় বন্ধ রয়েছে বিদুৎ ব্যবস্থা। সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে প্রায় সপ্তাহখানেক সময় লাগতে পারে বলে জানায় সংশ্লিষ্টরা।

প্রচণ্ড ঝড়ে পাকা বোরো ধানসহ ফসলি জমিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। বাতাসের তীব্রতায় ধানগাছ মাটিতে লুটিয়ে পড়ায় ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এদিকে ঝড়ের পর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে দেখা গেছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ভেঙে পড়া গাছ অপসারণ ও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের কাজ চলমান রয়েছে।