বেনাপোল: জেলার শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ২৯ হাজার ৭০০ টাকা।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সোমবার (১১ মে) রাতে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯ হাজার ৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি বলেন, ‘বিজিবির অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানি মালামাল ও মাদকসহ পাচারচক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।’
বিজিবির এ কর্মকর্তা আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।