রাজবাড়ী: রাজবাড়ীতে আম গাছ থেকে পড়ে রোমান সরদার (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমান সরদার ওই গ্রামের নাসির সরদারের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোটো।
স্থানীয় সূত্রে জানা যায়, রোমান খেলতে খেলতে বাড়ির আঙিনায় থাকা প্রায় ১২-১৫ ফুট উঁচু একটি আম গাছে ওঠে। হঠাৎ গাছের মগডাল ভেঙে সে নিচে পড়ে যায়। তার মাথা নিচের দিকে পড়ায় ঘাড়ে প্রচণ্ড আঘাত লাগে। এ সময় পরিবারের সদস্যরা তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোমানের চাচা সোহেল রানা বলেন, ‘আমি ফরিদপুরের ভাঙ্গায় থাকি। সকালে এই দুর্ঘটনার কথা জানতে পেরে বাড়িতে এসেছি। এর চাইতে অনেক উঁচু থেকেও অনেকে পড়ে বেঁচে যায়, অথচ রোমান মারা গেল। এই শোক সহ্য করা কঠিন।’
চন্দনী ইউনিয়নের ইউপি সদস্য মো. নায়েব আলী বলেন, ‘আম গাছের ডাল ভেঙে গাছ থেকে পড়ে একটি শিশু মারা গিয়েছে। হাসপাতালে নিতে নিতেই বাচ্চাটি মারা গিয়েছে। পরিবারটিতে শোকের মাতম চলছে। সবাইকে আরও সচেতন হতে হবে।’