যশোর: যশোরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনের দিনেই দুই হাজার ৪২ পরিবার কার্ড ও আর্থিক সহায়তা পেয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে সদর উপজেলার চাঁচড়া-ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন। এসময় যশোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এদিকে, তারেক রহমানের উদ্বোধনের পর ফোনে ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে বেজায় খুশি উপকারভোগীরা। যশোরে নির্বাচনি জনসভায় এসে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান; সেটা বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার দীর্ঘায়ু কামনা করেন উপকারভোগীরা।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার মুখে ফাঁকা বুলি দেয় না। সরকারের প্রতিটি নির্বাচনি প্রতিশ্রুতিই আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। সরকারের যেমন যশোরে এসে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি ছিলো, যশোরবাসী হিসাবে আমারও নির্বাচনে ওয়াদা ছিলো এই কার্ডের। তারই অংশ হিসাবে চাঁচড়াতে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হলো। আস্তে আস্তে সদর উপজেলার ১৩৫টি ওয়ার্ড, পৌরসভার ৯টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের কার্যক্রম খুবই দ্রুত ছড়িয়ে যাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, সমাজসেবা অধিদফতর যশোরের উপপরিচালক হারুন অর রশিদ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ দুই হাজার সুবিধাভোগী নারী উপস্থিত ছিলেন।