Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে অস্ত্রসহ ২ দস্যু আটক, ৪ জিম্মি জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৬:০৯

আটক বনদস্যুরা।

বাগেরহাট: সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ ২ জন কে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। এসময় তাদের হাতে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ মে) সকালে কোস্ট গার্ড, পশ্চিম জোন সদর দফতরে এক প্রেস ব্রিফিং করে লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড-এর আওতায় ১১ জন বনদস্যুকে আটক করা হলো।

তিনি জানান, সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে রোববার ভোর ৪টায় মোংলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যু দল পালানোর চেষ্টা করলে অভিযানিক দল ধাওয়া করে ১ টি বিদেশি একনলা বন্দুক, ২ টি দেশীয় একনলা বন্দুক, ২৪ রাউন্ড তাজা কার্তুজসহ করিম শরীফ বাহিনীর ২ জন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটক দস্যুদের কাছে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।

আটক দস্যু করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড, রাজন শরীফ (২০) বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলা ও মো. রবিউল শেখ (৩০) বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা।

আটকরা সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

উল্লেখ্য, রাজন শরীফের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবন অঞ্চলে সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে ষষ্ঠ বারের মতো ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত করিম শরীফ বাহিনীর ২ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়।

সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর