Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৮:০৮ | আপডেট: ১৭ মে ২০২৬ ১৮:২৫

সিরাজগঞ্জ: জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নে অটোরিকশার ধাক্কায় তাজিম (৭) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (১৭ মে) দুপুর ১টার দিকে উপজেলার সরাইতল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজিম ধানকু‌ন্ঠি গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাজিম উপজেলার শুভার ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো রোববার দুপুরে মাদরাসা ছুটি শেষে সে বাড়ি ফিরছিল। পথে সরাইতল বাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই অটোরিকশাটি দ্রুতগতিতে এসে শিশুটিকে ধাক্কা দেয়। আমরা সঙ্গে সঙ্গে ছেলেটিকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিব শেখ বলেন, দুপুরে মাদরাসা থেকে ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে সরাইতল বাজার এলাকায় অটোরিকশার চাপায় শিশুটি নিহত হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে বাজার এলাকায় যান চলাচলে আরও সতর্কতা প্রয়োজন বলে মনে করি।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এখনো থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর