Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে কুরবানির হাট কাঁপাবে ‘নেইমার’-‘বিসিএস ক্যাডার’-‘ঠাণ্ডা ভোলা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ২৩:২৫

যশোর: কুরবানির ঈদ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত যশোরের খামারিরা। জেলার বিভিন্ন উপজেলায় ছোট-বড় মিলিয়ে এক লাখেরও বেশি পশু প্রস্তুত করা হয়েছে। তবে এবারের কুরবানির বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ৩ বিশালাকৃতির ষাঁড়— ‘নেইমার’, ‘বিসিএস ক্যাডার’ ও ‘ঠাণ্ডা ভোলা’। বিশাল গঠন, আলাদা বৈশিষ্ট্য আর ব্যতিক্রমী নামের কারণে গরুগুলো দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ।

অভয়নগর উপজেলার ডাঙ্গামশিহাটি গ্রামের খামারি নিরঞ্জন পাড়ের খামারে বেড়ে উঠেছে ৩৫ মণ ওজনের বিশাল ষাঁড় ‘নেইমার’। ফ্লেকে-ভি জাতের শিংবিহীন এ ষাঁড়টির উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১ হাজার ৩০০ কেজি। মাথার সামনের বিশেষ চুলের স্টাইল ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের মতো হওয়ায় আদর করে গরুটির নাম রাখা হয়েছে ‘নেইমার’। তিন বছর ধরে সন্তানের মতো যত্নে লালন-পালন করা হয়েছে ষাঁড়টিকে।

বিজ্ঞাপন

 

‘নেইমার’

‘নেইমার’

খামারি জানান, নেইমারের খাদ্য তালিকায় রয়েছে খৈল, ভুষি, খড়, ভুট্টার গুঁড়া, সবুজ ঘাস ও খুদের ভাত। আরামদায়ক ঘুমের জন্য গোয়ালে কার্পেট, ২৪ ঘণ্টা ফ্যানের ব্যবস্থা এবং নিয়মিত গোসলের ব্যবস্থাও রাখা হয়েছে। বিশাল আকৃতির হলেও স্বভাবে শান্ত হওয়ায় দড়ি ছাড়াই খামারের আশপাশে ঘুরে বেড়ায় নেইমার। গরুটির দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা।

এদিকে যশোর সদর উপজেলার সীতারামপুরে খামারি মহিদুল জামান কাজলের খামারে নজর কেড়েছে ‘বিসিএস ক্যাডার’ নামের ব্রাহমা জাতের বিশাল ষাঁড়টি। প্রায় ১ হাজার কেজি ওজনের গরুটির দাম চাওয়া হয়েছে ১৪ লাখ টাকা। খামারি কাজল জানান, যেমন একজন শিক্ষার্থীকে বিসিএস ক্যাডার হতে কঠোর পরিশ্রম করতে হয়, তেমনি এই গরুটিকেও বিশেষ যত্ন ও পরিচর্যায় বড় করা হয়েছে বলেই এর নাম রাখা হয়েছে ‘বিসিএস ক্যাডার’।

‘বিসিএস ক্যাডার’

‘বিসিএস ক্যাডার’

খামারে ৪২টি গরুর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এই ষাঁড়টির জন্য রয়েছে বাড়তি যত্ন। প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল, সারাক্ষণ ফ্যানের বাতাস এবং মশা থেকে রক্ষায় কয়েলের ব্যবস্থাও রাখা হয়েছে। বিশাল দেহ, উজ্জ্বল গায়ের রঙ ও রাজকীয় ভঙ্গির কারণে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে গরুটিকে ঘিরে।

কাজল আরও জানান, বিসিএস ক্যাডার ছাড়াও তার খামারে ভাইজান-২ ও শ্যায়ল নামে দুটি বড় গরু রয়েছে। ভাইজান-২ এর দাম ১১ লাখ এবং শায়াল জাতের গরুটির দাম চাচ্ছেন ৮ লাখ টাকা।

অন্যদিকে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ফুলেরগাতী গ্রামে প্রসেনজিৎ রায়ের পারিবারিক খামারে বেড়ে উঠেছে ‘ঠাণ্ডা ভোলা’ নামের আরেক বিশাল ষাঁড়। ফ্রিজিয়ান জাতের এ গরুটির ওজন প্রায় ১ হাজার ৬০০ কেজি বলে দাবি খামারির। ৪ বছর ধরে লালন-পালন করা গরুটির পেছনে প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ টাকা ব্যয় হচ্ছে বলে জানান তিনি।

‘ঠাণ্ডা ভোলা’

‘ঠাণ্ডা ভোলা’

খাদ্য তালিকায় রয়েছে নিজস্ব মিলের খৈল, ভুষি, খড়, ভুট্টার গুঁড়া, সবুজ ঘাস ও খুদের ভাত। গত বছর কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় গরুটি বিক্রি করা হয়নি। তবে এবার ভালো দাম পাওয়ার আশায় রয়েছেন খামারি। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা গরুটি দেখতে আসছেন।

স্থানীয়দের ভাষ্য, এত বড় আকৃতির গরু এলাকায় সচরাচর দেখা যায় না। ফলে প্রতিদিনই খামারগুলোতে বাড়ছে দর্শনার্থীর ভিড়।

যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, জেলার ৮ উপজেলায় এবার কুরবানির জন্য ১ লাখ ৩ হাজার পশুর চাহিদার বিপরীতে প্রায় ১ লাখ ১৭ হাজার পশু প্রস্তুত করা হয়েছে। অনেক খামারি পুষ্টিকর খাবার ও আধুনিক পরিচর্যার মাধ্যমে বড় আকারের গরু প্রস্তুত করেছেন। কুরবানির হাট শুরু হওয়ার আগেই ‘নেইমার’, ‘বিসিএস ক্যাডার’ ও ‘ঠাণ্ডা ভোলা’ নিয়ে জেলাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

তিনি আরও জানান, এবছর জেলায় কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য রয়েছে ১৮টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে ২১টি হাট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর