Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেছে এক হাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১০:৫০

ছবি: সংগৃহীত।

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান।

এ সময় দুর্বৃত্তরা মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে যায়। নিহত মিঠু শেখ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে বাড়ির নিকটে কলাখেতে কাজ করে বাড়ি ফিরছিলেন মিঠু। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মিঠু মারা যায়। নিহত মিঠুর ২ ছেলে ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন।

বিজ্ঞাপন

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ জানান, নিহত মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিল। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। তিনি আরও জানান বিগত কয়েক বছর নিহত মিঠুর চাচাতো ভাই মাস্টার গোলাম রসুলকেও হত্যা করা হয়েছিল।

ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। মিঠু শেখের হত্যাকারীদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে জমি জমাসংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর