Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ১৯ দিন পর হিলি সীমান্ত দিয়ে মরদেহ হস্তান্তর

লোকাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৯:১৫

লাশবাহী গাড়ি।

হিলি: দিনাজপুরের বিরল উপজেলার পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বৃদ্ধ জেলে মো. ইসমাইল হকের (৬৫) মরদেহ দীর্ঘ ১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরেছে। বুধবার (২০ মে) দুপুরে দিনাজপুরের হিলি চেকপোস্ট সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আনুষ্ঠানিকভাবে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করে।

নিহত ইসমাইল হক ৬৫ বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর মাস্টারপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিকেলে বিরলের চান্দামারী পুরানঘাট এলাকায় পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ইসমাইল হক। স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।

এর চারদিন পর, ৩ মে ভারতের গঙ্গারামপুর থানার যাদববাটি বাটুলপাড়া নদী ঘাট থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবি দেখে পরিবার সেটি ইসমাইল হকের বলে শনাক্ত করে।

বিজ্ঞাপন

মরদেহ শনাক্তের পর তা দেশে ফিরিয়ে আনতে দুই দেশের আইনি ও দাফতরিক প্রক্রিয়া শুরু হয়। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশন ও ভারতীয় কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে দীর্ঘ ১৯ দিন পর আজ মরদেহটি দেশে ফেরে।

হিলি চেকপোস্ট শূন্যরেখায় মরদেহ হস্তান্তরের সময় ভারতের পক্ষে ১৫১ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নিশিত লাহা, ভারতীয় পুলিশ কর্মকর্তা অতুল কুমার ভট্টাচার্য এবং বাংলাদেশের পক্ষে হিলি ইমিগ্রেশনের এসআই আব্দুল তালেবসহ বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রিয়জনের মরদেহ ফিরে পেয়ে সীমান্তে স্বজনদের মাঝে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পারিবারিক কবরস্থানে দাফনের জন্য পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর