বাকৃবি: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঢাকার কোরবানির পশুর হাটে প্রথমবারের মতো সরাসরি মাঠপর্যায়ে ভেটেরিনারি চিকিৎসা সেবা দিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ১৫ শিক্ষার্থী।
শনিবার (২৩ মে) সকাল ৯টা থেকে থেকে স্বাস্থ্যসম্মত পশু বিক্রয় ও সেবার মান নিশ্চিত করতে ওই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যা চলবে আগামী মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত।
জানা গেছে, ঈদ উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় স্থাপিত ১১টি ও উত্তর সিটি করপোরেশনের আওতায় স্থাপিত ১৬টিসহ মোট ২৭টি কোরবানির হাটে পশুর প্রাথমিক চিকিৎসা দেওয়ার লক্ষ্যে বাকৃবি হতে ১৫ সদস্যবিশিষ্ট ছয়টি ভেটেরিনারি মেডিকেল টিম পাঠানো হয়েছে।
রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের গরুর হাটে ভেটেরিনারি চিকিৎসাসেবা দিতে আসা বাকৃবির শিক্ষার্থী ডা. আসিফ ইকবাল বলেন, ‘পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে পশুর হাটগুলোতে বিপুল সংখ্যক গবাদিপশু আসছে, যার ফলে অনেক ক্ষেত্রে প্রাণীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। আমরা মাঠপর্যায়ে উপস্থিত থেকে অসুস্থ ও দুর্বল পশুগুলোকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি এবং বিক্রেতা ও ক্রেতাদের সঠিক পরিচর্যা সম্পর্কে পরামর্শ দিচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সুস্থ পশু নিশ্চিত করা এবং কোরবানির জন্য উপযুক্ত প্রাণী নির্বাচন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি, হাটের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা ও প্রাণিকল্যাণ নিশ্চিত করার বিষয়েও আমরা কাজ করছি।’
প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে ৩ হাজার ৬০০টির বেশি অস্থায়ী ও স্থায়ী পশুর হাট বসানো হবে। এসব হাটে মোট ২ হাজার মোবাইল ভেটেরিনারি টিম দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, ২১ মে সকালে ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) কোরবানির পশুরহাটে গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা সেবাসহ হাটের সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারী এবং ইন্টার্ন চিকিৎসকগণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।