নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি স’মিল থেকে অজ্ঞাতনামা (৪৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পণ্ডিতের স’মিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সকালে স’মিলের কর্মচারীরা কাজে এসে ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স’মিল মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, নিহত ব্যক্তির শরীরে কোনো পোশাক কিংবা গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। উলঙ্গ অবস্থায় তাকে বাজারঘাটসহ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখেছেন অনেকে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।