সুনামগঞ্জ: আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে পায়েল মিয়া (১৮) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (২৭ মে) বিকেলে উপজেলার ইছাকপুর গ্রামে আওয়াল নূর ও সাইদুর রহমান গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহত যুবকের নাম পায়েল মিয়া। তিনি ইছাকপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাল্লার ইছাকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়াল নূর ও সাইদুর রহমান দ্বন্দ্ব চলে আসছিল। তবে গত দু’দিন আগে আওয়াল নূরের পক্ষে লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলা হবে বলে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে সেই পোস্টের জের ধরে বুধবার বিকেলে আওয়াল নূর ও সাইদুর রহমানের গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে সাইদুর রহমান গ্রুপের পায়েল মিয়া নিহত হন।
শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. সৈকত আলী বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।