পাবনা: পাবনার বেড়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে তিন মহল্লার বাসিন্দাদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার সময় বেড়া পৌর এলাকার বনগ্রামপাড়া এই ঘটনা ঘটে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে বনানী সংঘের উদ্যোগে বেড়া পৌরসভার ১০টি ওয়ার্ডের অংশগ্রহণে স্থানীয় বিতিন বিহারী স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে সাওদাগরপাড়া ও স্যান্নানপাড়ার মধ্যে সেমিফাইনাল খেলা শুরু হয়।
খেলায় উভয় দল দুই গোল করে সমতায় থাকার পর খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে দুই দলের সমর্থক ও গ্রামবাসীদের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে আয়োজক বনগ্রামপাড়ার বাসিন্দারাও সংঘর্ষে জড়িয়ে পড়লে তা ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত ১৮ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এসএম মিলন মাহমুদ ১৮ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।